পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ‘গলাচিপার মানুষের যে জোয়ার আমরা দেখছি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, বিজয়ের পরে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবেন—এটাই আমাদের অঙ্গীকার।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি।
তিনি বলেন, ‘সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সব বাজারে ঘুরতে পারিনি, সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন সংসদ সদস্য প্রার্থী নিজে এসে ঘরে ঘরে কথা বলবেন, কাজ করার আহ্বান জানাবেন।
নুর আরো বলেন, আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ।
নুর বলেন, ‘এই অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। এ ছাড়া তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’
বিএনপি সমর্থিত এই প্রার্থী বলেন, ‘আমি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে বলতে চাই, আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এই জনপদকে ঘুরে দাঁড় করানোর। তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির প্রমুখ।