Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি-আদর্শ থাকে না। ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের কল্যাণের উদ্দেশ্যে তার দল রাজনীতি করে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের সময়েই বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষ অবস্থানে ছিল এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এর ফল হিসেবে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে ওঠার কথাও উল্লেখ করেন তিনি।

জনসভায় জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে তিনি কড়া সমালোচনা করেন। তার দাবি, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পর দলটির প্রকৃত অবস্থান জনগণের সামনে স্পষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গেলে তারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় সংশ্লিষ্ট জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

চরমোনাই পীর বলেন, জোট ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন দলটি দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবে ইসলামী আন্দোলন আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি। সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে আগ্রহী—এমন মন্তব্য করে ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে দলের প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতারা।


শীর্ষনিউজ