Image description

‘মিজানুর রহমান আজাহারী আজ থেকে রাজাকার হয়ে গেছে’— বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এমন মন্তব্য করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে

ছড়িয়ে পড়া ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘আশার আলো’ নামে একটি ফেসবুক পেজ থেকে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম যমুনা টিভির সংবাদ ফটোকার্ডের ডিজাইন নকল করে ’জনতা টিভি’র নাম ব্যবহার করা হয়েছে এতে।

সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পেজে এমন দাবি-সংবলিত পোস্টটিতে ৯ হাজার ৫০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। পাশাপাশি দেড় হাজারের বেশি মন্তব্য এবং অন্তত চার শতাধিক শেয়ার হতে দেখা গেছে।

এ ছাড়া যেসব গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে, সেখানেও দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন শত শত নেটিজেন।

তবে এ-সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দাবিটির পক্ষে বাংলাদেশি কোনো সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘মিজানুর রহমান আজাহারী আজ থেকে রাজাকার হয়ে গেছে’— বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এমন মন্তব্য করেছেন দাবি করে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য ইশরাক হোসেন দেননি।