Image description

মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ। তারা মাগুরা-২ আসনে জামায়াত-সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।

 

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোল্যার কাছে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে আলী আকবারের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে।

 

খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহানুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউএনওর নির্দেশে পুলিশ অভিযুক্ত পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”