Image description

বরগুনার তালতলীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাসা থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং এক স্বাস্থ্য সহকারীকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ঝাড়াখালি গ্রামের বাসিন্দা ইসহাক আকন সবুজ (৪০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ (৩৯)।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি বিশেষ দল মঙ্গলবার রাতে অভিযানটি পরিচালনা করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিরাজ জমাদ্দারের বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন নৌবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ ও স্বাস্থ্য সহকারী আজাদ দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ জমাদ্দারের বাসার তৃতীয় তলায় বসে মাদক সেবন করছিলেন।

আটকের পর রাতেই তাঁদের উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সাজাপ্রাপ্ত দুজনকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।'