জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণার অংশ হিসেবেয় এবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মূলত ঢাকার ২০টি আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ও সমর্থিত প্রার্থীদের নিয়েই এ সমাবেশের আয়োজন। দলটির দায়িত্বশীল সূত্রে তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের কর্মী সমর্থক ও দেশবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন তারেক রহমান। ঢাকার বাইরের সমাবেশ শেষে ঢাকার সমাবেশের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ইতি টানবেন তিনি।
এ বিষয়ে দলের একটি সূত্র জানায়, সমাবেশের দিন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়।
শীর্ষনিউজ