Image description

নির্বাচনি জনসভায় অংশ নিতে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা জামায়াত সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের জনসভা হবে। জনসভায় চার থেকে সাড়ে চার লাখ লোকের উপস্থিতি প্রত্যাশা করছে জামায়াত। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। এতে জেলার চারটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত তিন প্রার্থী ও এনসিপি মনোনীত এক প্রার্থীসহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন বলেন, সরকারি কলেজ মাঠ বরাদ্দ এবং প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদন করা হয়েছে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ বলেন, মাঠ ব্যবহারে সরকারি কলেজ কর্তৃপক্ষের অনাপত্তিসহ (এনওসি) দলটির পক্ষ থেকে আবেদন দেওয়া হয়েছে। আমরা সেটি গ্রহণ করে পুলিশের কাছে পাঠিয়েছি। নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।