Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। কারো প্রতি জুলুম, অন্যায় বা বৈষম্য করা হবে না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য।

শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, আমরা আপনাদের ওপর শাসন করতে আসিনি, আমরা এসেছি আপনাদের খেদমত করতে। আপনারা যদি আমাদের সে সুযোগ দেন, তাহলে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, শুধু দুনিয়ার মানুষের কাছেই নয়—একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। সেই ভয় অন্তরে রেখেই আমরা মানুষের সেবা করতে চাই। ক্ষমতা আমাদের লক্ষ্য নয়, মানুষের কল্যাণই আমাদের রাজনীতি।

তিনি বলেন, আমি মিরসরাইবাসীর সেবা করতেই এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি যদি আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত একটি সমাজ গড়ে তুলবো। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মিরসরাইকে একটি আদর্শ জনপদে রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন এনসিপি নেতা প্রভাষক আশরাফ, সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডা আসগর হোসেন, সাবেক ছাত্র নেতা জিয়া উল হক, শ্রমিক কল্যাণ ফেডারেমন সভাপতি রেদোয়ান, মো. হারুনসহ জামায়াত, ছাত্র শিবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।