লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনার মোদি-নির্ভর রাজনীতি বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ভারতের বর্তমান সরকার কখনো বাংলাদেশের মঙ্গল চায়নি, বরং শেখ হাসিনার মোদি প্রীতিই দেশের জনগণকে আজ অতিষ্ঠ করে তুলেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, “আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, হিন্দুদের বিরুদ্ধেও নই। কিন্তু বর্তমানে দিল্লিতে যে সরকার আছে—তাদের দখলদার মনোভাব ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। যারা এদের দালালি করে, তাদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে হবে।”
অলি আহমেদ আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার কারণে দেশে এস আলমের মতো কিছু পোষ্য ধনকুবের তৈরি হয়েছে। আজ এককভাবে দেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিক তিনি। হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক সম্পদ চলে গেছে। এসব হয়েছে ভারতের আশীর্বাদে ও হাসিনার প্রশ্রয়ে।”
তিনি অভিযোগ করেন, সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, ব্যাংক ও রিজার্ভ লুটে নিয়েছে, এখন রাষ্ট্রীয় কাঠামোকেও ধ্বংস করার পথে হাঁটছে।
অলি আহমেদ বলেন, “আজকে বাংলাদেশ এক ভয়ংকর রাজনৈতিক দুঃসময়ে আছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, এখন লড়াই হবে দেশি-বিদেশি দালালদের বিরুদ্ধে।”
শীর্ষনিউজ