Image description

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তার কোনো অনুসারীকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

রবিবার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবনঘেঁষা শ্যামনগরের মানুষের কাছে বাঘের লোকালয়ে আসা স্বাভাবিক ঘটনা হলেও শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরের এই এলাকায় প্রবেশের সুযোগ নেই। তিনি বলেন, সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই অঞ্চল বেষ্টিত, এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত থেকে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকে আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।’

বিএনপির নেতা-কর্মীদের ওপর বিগত সরকারের নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। অসংখ্য মামলা দিয়ে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির কথা উল্লেখ করে ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার পতনের আগে আন্দোলনের শেষ পর্যায়ের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের বেদনা এখনো কাটেনি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামনগরে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, গত ৯ মাসে বিএনপির নেতা-কর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। বিরোধী মতের মানুষের ওপর আগের মতো জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। আগামী দিনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

ভারতের ভূমিকার সমালোচনা করে ড. মনিরুজ্জামান বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।