শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
একজন নিহত হওয়ার খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
আজ ভোরে জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। অবরোধের কারণে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
অবরোধ চলার সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের সময় গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এদিকে কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
এ সময় নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান।
জাজিরা থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক আছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান প্রথম আলোকে বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।