সম্প্রতি শেখ হাসিনার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তিনি ‘সুস্থ আছেন’ দেখাতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করেছে আওয়ামী লীগ। শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক ‘Bangladesh Awami League' পেজে এই বিষয়ে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে এই অডিওটি এক বছর আগের বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
আওয়ামী লীগের ছড়ানো অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলো মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি খুব অসুস্থ! আমি কেন অসুস্থ হতে যাব? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবে সুস্থ আছি। এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেওয়া এবং তাঁদের আঘাত করার চেষ্টা করা হচ্ছে।
সবাইকে আমি স্পষ্ট বলতে চাই, আমি ঠিকই আছি। আমার এখন পর্যন্ত কোনো অসুখ হয়নি। বলে রাখি, ১৫ বছর সাত মাস আমি একটা দিনও ছুটি নিইনি।