Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতাদের বসতবাড়িতে গভীর রাতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টাসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় মামলা ও অভিযোগ হলেও পুলিশের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একাধিক ক্ষেত্রে মামলা না নেওয়া, আলামত জব্দ না করা এবং তদন্তে উদাসীনতার অভিযোগও উঠেছে। ভুক্তভোগী পরিবার ও এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটে পরিণত হয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতারা।

গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার আজমতপুর পূর্ব পাড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সম্পাদক তানহা শান্তার বড় চাচার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তানহা শান্তা জানান, দুর্বৃত্তরা তার বাড়িকে টার্গেট করলেও ভুলবশত চাচার বাড়িতে পেট্রোল ও গানপাউডার ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় বাড়িতে এক নবজাতকসহ ৫ শিশু ও ১৩ জন ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ে এবং নবজাতক এখনো চিকিৎসাধীন। প্রতিবেশীদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ক্ষয়ক্ষতি, প্রাণহানি এড়ানো গেছে।

তানহা শান্তার চাচাতো ভাই মো. আরিফুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দিলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে শনিবার বিকেলে।

পরিদর্শনকারী এসআই রুহুল আমিন স্ট্রিমকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়েছে পেট্রোল ছিটিয়ে ও গানপাউডার দিয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু পোড়া কাপড় ও একাধিক বোতল জব্দ করা হয়েছে আলামত হিসাবে। হলুদ রঙ্গের গুড়া পাউডারের অস্তিত্ব দেখা গেছে। তবে সেগুলো সিআইডির দেখার কথা। তারা পরীক্ষা করে বুঝতে পারবেন।’

এ ঘটনায় কেন মামলা না করে অভিযোগ নেওয়া হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্তের সত্যতা পাওয়া গেলে সেটি মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় একজনও গ্রেপ্তার হয়নি। আমরা চেষ্টা করছি। একজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পালিয়ে গেছে।’

এই ঘটনার আগে একই ধরনের ঘটনা ঘটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব খান তালাত মাহমুদ রাফির বাড়িতে। নেত্রকোনার মোহনগঞ্জের জয়পুর গ্রামে রাফির বাড়িতে ১৮ নভেম্বর দিবাগত রাতে বৈদ্যুতিক মিটারের নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বারান্দায় পেট্রোল দিয়ে আগুন ধরানোর ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত চলছে, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। দাহ্য পদার্থের প্রমাণ পেলেও তা আলামত হিসেবে জব্দ করা যায়নি বলে ওসি জানান। রাফি দাবি করেন, ১৯ নভেম্বর রাত ৩টার দিকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার বাড়িতে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। প্রতিবেশীরা দ্রুত নিভিয়ে ফেলায় বড় ক্ষতি হয়নি।

এছাড়া ১৯ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোসাদ্দেকের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে ১১ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দৌলতপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই সোহান জানান, এখনো আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো আসামি গ্রেপ্তার হয়নি। নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য খুলনার বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

যদিও আগুন লাগার পরপরই পুলিশের প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা সেখানে সেরকম কোনো আলামত পাননি বলে জানিয়েছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান স্ট্রিমকে জানিয়েছেন, আগুনের কারণ জানতে রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় আছেন।

গত ১০ নভেম্বর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনা ঘটে। ওই রাতেই শ্রীমঙ্গল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। প্রধান সন্দেহভাজন হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। হাসিব আল ইসলাম জানান, এই তদন্তেও কোনো অগ্রগতি নেই এবং শনাক্ত আসামি পালিয়ে গেছে।

 

তদন্তে উদাসীনতার অভিযোগ

ভুক্তভোগী ও দলীয় নেতাদের অভিযোগ, বেশিরভাগ হামলার ক্ষেত্রেই পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অনেক ঘটনায় মামলা না নিয়ে কেবল সাধারণ অভিযোগ গ্রহণ করেই দায়িত্ব সারছে থানা পুলিশ। তানহা শান্তার দাবি, তার চাচার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছে, এর সঙ্গে সাদিক কাইয়ুমের বাড়িতে আগুন ধরানোর কৌশলের মিল রয়েছে। এটি ফৌজদারি অপরাধ এবং পরিষ্কার হত্যা পরিকল্পনা। তিনি হত্যাচেষ্টা মামলা করার কথা বললেও পুলিশ মামলা না নিয়ে শুধু অভিযোগপত্র গ্রহণ করেছে এবং তদন্ত করে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেও এরপর আর কিছুই জানায়নি।

ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও খাগড়াছড়ির একাধিক ঘটনা পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্তে ধীরগতির চিত্র সামনে এসেছে। এনসিপি দলীয়ভাবে বলেছে, হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। এমনকি ২০২৫ সালের ২৩ জুন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল হামলার প্রায় ১৭ মাস পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এনসিপির মিডিয়া সেলের ইয়াসির আরাফাত অভিযোগ করেন, জুলাইয়ের সম্মুখসারির তরুণদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। একের পর এক হামলার ঘটনায় মামলা করা হলেও অপরাধীদের ধরা হচ্ছে না। সরকারের নিষ্ক্রিয়তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় হামলার ধরন আরও নৃশংস হয়ে উঠছে বলে দাবি দলটির।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের অনেকেই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, সব ঘটনাই তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

২২ মাসে ৩০টির বেশি হামলা

সংশ্লিষ্ট সূত্র, পুলিশ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দল প্রতিষ্ঠার পর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ২২ মাসে এনসিপির নেতাকর্মীরা ৩০টির বেশি হামলার শিকার হয়েছেন। দলীয়ভাবে এসব হামলা ও মামলার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষণ করা না হলেও পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা ছাড়াও রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আক্রান্ত হয়েছেন।

উল্লেখযোগ্য হামলার মধ্যে রয়েছে—গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে হামলা, মে মাসে ঝিনাইদহে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং ২০২৫ সালের ডিসেম্বরে রাজধানীর মিরপুরে ধারাল অস্ত্রের হামলায় ৬ নেতাকর্মী জখম হওয়ার ঘটনা। এ ছাড়া ২০২৬ সালের ২৩ ও ২৭ জানুয়ারি এবং সবশেষ অক্টোবরে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়—মোট তিনবার হামলার শিকার হন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; জুলাইয়ে হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় গ্রেপ্তার হওয়া এক নেতাকে ছাড়িয়ে নেওয়ার সময় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

দেশের বাইরেও হেনস্তার শিকার হয়েছেন দলটির শীর্ষ নেতারা। এর মধ্যে জুনে লন্ডনে প্রবাসীদের আয়োজিত কর্মসূচি চলাকালে হাসনাত আব্দুল্লাহর ওপর ডিম নিক্ষেপ এবং ২০২৬ সালের নভেম্বরে যুক্তরাজ্য সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় হেনস্তার ঘটনা ঘটে।

আক্রান্ত ব্যক্তি ও দলীয় নেতাদের দাবি, সরকার পরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ শাখাগুলোর নেতাকর্মীরা প্রতিশোধপরায়ণ হয়ে এনসিপি নেতাদের ওপর হামলা চালাচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।