সংখ্যালঘু ইস্যুতে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার বহু অপচেষ্টা চালিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের বিরুদ্ধেও সংখ্যালঘু কার্ড নিয়ে মাঠে নেমেছে ফ্যাসিস্ট শক্তিটি। ভারতের প্রত্যক্ষ মদতে এবং সে দেশের একশ্রেণির মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা।
সম্প্রতি নড়াইলের কালিয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও ইস্যুটি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দলটির কিছু নেতাকর্মী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে শত শত হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মিথ্যা তথ্য। ভারতের কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এসব নিয়ে অতিরঞ্জিত প্রতিবেদন।
যদিও ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর তৎপরতায় এসব অপপ্রচার বুমেরাং হয়ে ফিরছে তাদের দিকেই। অনুসন্ধানে দেখা গেছে, প্রচারণায় ব্যবহৃত কয়েকটি ছবি ও ভিডিওর সঙ্গে নড়াইলের ঘটনার কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামের মিরসরাই ও রাজধানীর মহাখালীর অগ্নিকাণ্ডের ভিডিওকে নড়াইলের ঘটনা বলে প্রচার করা হয়েছে। স্থানীয় হিন্দু নেতারাও শত শত হিন্দু বাড়িতে হামলার দাবি নাকচ করেছেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, সংখ্যালঘু ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে এ ঘটনায় সরাসরি জড়িত আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন এমন আশায় উজ্জীবিত আওয়ামী লীগ সপ্তাহজুড়ে সারা দেশে তাণ্ডব চালায়। তারই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হন কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শাহীনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)। এ হত্যাকাণ্ডের পাল্টা প্রতিক্রিয়ায় গত শুক্রবার নড়াইল-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে এ ঘটনার পর আওয়ামী লীগের অফিসিয়াল পেজসহ ফেসবুকে শত শত আওয়ামীপন্থি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, কালিয়ায় ‘শত শত’, ‘২০০’, এবং ‘৩০০’ হিন্দু বাড়ি ভাঙচুর ও অগ্নিসংসযোগ করেছে বিএনপি-জামায়াত। পাশাপাশি ভারতের অন্তত ১০টি মিডিয়ায় ‘শত শত হিন্দু বাড়ি’ পুড়িয়ে দেওয়া হয়েছে, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্যের ভিত্তিতে ফ্যাক্ট চেকিং সংস্থা দ্য ডিসেন্ট এসব দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। সংস্থাটির অনুসন্ধানে স্থানীয় নেতারা জানিয়েছেন, কৃষ্ণপদ ঘোষের বাড়ি ছাড়া অন্য কোনো হিন্দু বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে বলেন, শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দু বাড়িতে হামলা হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য সারওয়ার তুষার এ বিষয়ে আমার দেশকে বলেন, আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু কার্ড খেলে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তারাই আবার তাদের পক্ষ নিয়ে মাঠ ঘোলা করেছে। গুজব সৃষ্টি ও নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলা আওয়ামী লীগ ও ভারতের চিরাচরিত কৌশল।
তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগ বেশিদূর এগোতে পারবে না। দেশের মানুষ তাদের মিথ্যাচারে কান দেবে না। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে কঠোর বিবৃতির পাশাপাশি রাজপথেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচার
কালিয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টা ‘নারকীয়! বেছে বেছে শুধুই ৩০০ হিন্দু বাড়ি জ্বালানো হলো পদ্মাপারে, কেন চুপ তারেক সরকার?’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রতিবেদক মৌমিতা চক্রবর্তী দাবি করেন, কালিয়ায় তিন শতাধিক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দু হওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক হওয়ার কারণে এসব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
হিন্দুস্তান টাইমস বাংলা ‘বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইলে হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ২০০ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, তলব সেনা’ শিরোনামে খবর প্রকাশ করে। প্রায় একই ধরনের শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, নবভারত, ইন্ডিয়াহুড ও নজরবন্দিসহ ভারতের আরো কয়েকটি গণমাধ্যম।
এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে ভারতের বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বক্তব্য দিয়েছেন। গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একজন হিন্দু হিসেবে রাস্তায় নামার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতই বাংলাদেশের জন্ম দিয়েছিল।
মিরসরাইয়ের আগুন নড়াইলের বলে প্রচার
জানা যায়, চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে চার বসতঘর পুড়ে ছাই হওয়ার দৃশ্যকে ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনার সঙ্গে তুলনা করে প্রচার করা হচ্ছে নড়াইলে হিন্দু পরিবারগুলোর বাড়িঘরে আগুন দেওয়া ও তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য বলে।
অনুসন্ধানে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকালে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে আগুন লাগে। একটি ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে পাশের আরো তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষ বলেন, ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবতা তেমন নয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে আক্রান্ত হয়েছেন শুধু কৃষ্ণ ঘোষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার বাড়ির দুই-তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে বেন্দারচরে যেসব বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। সেগুলো সব মুসলমান ও আওয়ামী লীগের লোকজনের বাড়ি।
ইউনূস সরকারের সময়ও সংখ্যালঘু ইস্যু
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও সংখ্যালঘু নির্যাতন ও এর রাজনৈতিক ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী দেশের দৃষ্টি আকর্ষণের জন্য সংখ্যালঘু ইস্যুটিকে সামনে নিয়ে আসে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের এই প্রচারকে রাজনৈতিক কৌশল বা ‘সংখ্যালঘু কার্ড’ অভিহিত করে দাবি করে বলা হয়, সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র বিদেশে তুলে ধরা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও অতিরঞ্জিত। দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা হারানো আওয়ামী লীগ পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ভারতের সহানুভূতি ও সমর্থন আদায়ের জন্য সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করছে।
২০২৪ সালের আগস্টে হাসিনার পতনের কয়েক দিন পরই ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’-এর ব্যানারে ঢাকার শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত চলা এসব কর্মসূচিতে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ আট দফা দাবি জানানো হয়।
একই বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি ময়দানে সনাতনী সম্প্রদায়ের সমাবেশ এবং নভেম্বরে রংপুরে আট দফা দাবিতে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সমাবেশে মিশে গিয়ে সরকারবিরোধী অস্থিরতা তৈরির চেষ্টা করে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং দলটির নেতাকর্মীদের অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছিল।
এরপর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের শিকার হন। সংখ্যালঘুদের আবেগকে পুঁজি করে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তখনো সহিংসতা উসকে দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ছক কষেছিল।
সংখ্যালঘু নির্যাতনে আওয়ামী সংশ্লিষ্টতা
বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বুলি আওড়ালেও অতীতে ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিরুদ্ধেই সংখ্যালঘু নির্যাতন ও সম্পত্তি দখলের অভিযোগ সবচেয়ে বেশি। ২০০৯ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ শাসনামলে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং জমি দখলের অসংখ্য ঘটনা ঘটেছে।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলায় ১২টি বৌদ্ধ বিহার, ৩০টি বসতঘর এবং উখিয়া-টেকনাফে আরো বিহার ও বসতঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০১৩ সালে পাবনার সাঁথিয়ার বনগ্রামে হিন্দু বসতিতে হামলা ও শতাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই ও স্থানীয় যুবলীগ-আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ও গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়। ২০১৬ সালের ২৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বসতিতে ধ্বংসযজ্ঞের ঘটনায় স্থানীয় দলীয় কোন্দল ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ অনুসন্ধানে উঠে আসে। একই বছরের নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। ২০১৭ সালের নভেম্বরে রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ফেনীর মালোপাড়া, যশোরের অভয়নগর, দিনাজপুরের কর্নাই, নেত্রকোনার কলমাকান্দা, টাঙ্গাইলের ভূঞাপুর, নোয়াখালীর কৃষ্ণপুর ও পটুয়াখালীর লাউকাঠিতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়।