Image description

নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

আজ বৃহস্পতিবার মিয়ানমারের গণহত্যার বিষয়ে আইসিজের রায়ের বিষয়ে ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় নিজের বাড়িতে হামলার প্রসঙ্গ ছাড়াও দেশের সামগ্রিক পরিস্থিতি, সরকারের অবস্থান এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, আট মাসের মধ্যে সরকার বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী দেশ ও অংশীদারদের আগ্রহ তৈরি হচ্ছে। কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। কিন্তু একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না।

হুমায়ুন কবির বলেন, ‘এগুলো একটা ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সন্ত্রাসীদের কোনো দেশে টেকসই অবস্থান হয় না, বাংলাদেশেও হবে না। আমরা এদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ন্যায়বিচারের পথে এগোব।’

 

আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না। বাংলাদেশে সন্ত্রাসের কোনো জায়গা নেই।

 

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ‘জয় বাংলা এখন বিদায় নেওয়ার স্লোগান। যারা পালিয়ে গেছে, তাদের স্লোগান এখন জয় বাংলা। তারা পালিয়ে গিয়ে কোথায় নেতৃত্বের কাছে যাবে, সেটাই দেখার বিষয়।’

 

দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের মানুষের জন্য কাজ করছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। বাংলাদেশ সবার জন্য সুযোগ তৈরি করবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে।