Image description

নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনে থাকা দুটি দোকানঘর আগুনে পুড়ে যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় নাসিমা হকের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনের দুটি দোকানঘরে আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে নাসিমা হক অভিযোগ করে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তার দুটি দোকানঘরে আগুন দিয়েছে। দুর্বৃত্তরা তার বাড়িতেও হামলা করতে পারত। তবে আল্লাহর রহমতে তারা রক্ষা পেয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানঘর দুটিতে লাকড়ি রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।