Image description

নেত্রকোনার আটপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে ‘মারধর ও পেটে লাথি’ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ।

ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুইজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। তাদের ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্তরা হলেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপির সমর্থক নুরুজ্জামান খান পুতুল।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে তাদের শোকজ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে তাকে মারধর করেন।

এ সময় তার ‘পেটে লাথি’ মারা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষক। তাদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিলেন বলেও দাবি তার। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষক নিবেদিতা দেব বলেন, বিএনপির নেতাকর্মীরা বিদ্যালয়ের বাইরে অন্য একটি স্থানে বৈঠক করে তাকে সেখানে যেতে বলেন। বৈঠকের বিষয় না জানায় তিনি তাদের বিদ্যালয়ের অফিসে এসে কথা বলার অনুরোধ করেন। এরপর তারা বিদ্যালয়ে এসে তার ওপর হামলা চালান।

নিবেদিতা দেবের অভিযোগ, আনোয়ার হোসেন তার ‘পেটে লাথি’ মারেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন তাকে মারধর করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা—এ কথা জানানোর পরও তারা হামলা বন্ধ করেননি। উল্টো তাকে ও তার অনাগত সন্তানকে পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে তারা বৈঠক করছিলেন। প্রধান শিক্ষককে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে তারা দেখতে পান, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। এ বিষয়ে শুধু তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তাকে মারধর করা হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে তাদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শোকজের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত জবাব দেব।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল গণমাধ্যমকে জানান, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনও বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর গণমাধ্যমকে বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা