Image description

বিচারিক আদালতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছিল চার কার্যদিবসে। আর উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হলো মাত্র সাড়ে চার ঘণ্টায়। রাষ্ট্র ও আসামি পক্ষের কৌঁসুলিদের পূর্ব প্রস্তুতি থাকায় অতি দ্রুততম সময়ে শেষ হলো মামলার দ্বিতীয় ধাপের বিচারকাজ। আইনজীবীদের যুক্তি ও পালটা যুক্তি উপস্থাপন শেষ হলে আজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রায়ের জন্য এদিন ধার্য করে দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানিয়েছেন। তারা বলেছেন, মামলার মূল আসামি সোহেল রানা গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যে জবানবন্দিতে পুরো ঘটনার নৃশংসতা ও বীভত্সতা ফুটে উঠেছে।

রিমান্ডে ছাড়াই আসামির দেওয়া এই জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত। এই জবানবন্দিকে উপেক্ষা করার সুযোগ নেই। রাষ্ট্রপক্ষ বলে, শিশু রামিসাকে যখন বাসার ভেতর ধর্ষণ ও হত্যা করা হয়, তখন তার স্ত্রী স্বপ্না ঘটনাস্থলেই উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরেও এ ধরনের অপরাধ সংঘটন ও তার স্বামী সোহেল রানাকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে, এতে তার সহায়তা ছিল।

অতএব স্বপ্না আক্তারের অপরাধকে লঘু হিসেবে দেখার সুযোগ নেই। তার মৃত্যুদণ্ডও বহাল রাখা হলে ন্যায়বিচার পাবে ভিকটিমের পরিবার।

জবাবে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত কৌঁসুলি অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘আসামি গ্রেফতারের পর অনেক সময় পুলিশের ভয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকেন। এক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে। এছাড়া যেসব এভিডেন্স রয়েছে, সেগুলোতেও সোহেল রানার খালাস পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া স্বপ্নার বিরুদ্ধে যেহেতু কোনো অপরাধ সংঘটনের অভিযোগ নেই, সেহেতু তিনি খালাস পাওয়ার হকদার। হত্যার অপরাধে তাকে দোষীসাব্যস্ত করার সুযোগ নেই। ’

জবাবে রাষ্ট্রপক্ষ বলেছে, এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়। এটি শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা। সোহেল ও স্বপ্নার মধ্যে বোঝাপড়াটা ভালো বিধায় এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বাসার মধ্যে। পরে স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তাকে খালাস দেওয়ার সুযোগ নেই। ’

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির শুনানি করেন।

শীর্ষনিউজ