Image description

একের পর এক হামলা ও হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা, সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকরা। দলটির অভিযোগ, সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে হামলাকারীরা আরও সাহস পাচ্ছে।

সম্প্রতি দলটির একজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আরেকজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। দলটির সাবেক এক নেতাও হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়, যাতে তিনি আহত হন।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতারা বলেছেন, কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এভাবে হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনা বাড়ছে।

সবশেষ রোববার বিকালে ফোনে হত্যার হুমকি পান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। দলটির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, মিতু তখন জাতীয় সংসদে ছিলেন। সে সময় একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাকে এই হুমকি দেওয়া হয়।

ফোনালাপের একটি রেকর্ডিংয়ে এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ ছেড়ে পালিয়ে যান’ এবং ‘আপনাকে টুকরো টুকরো করা হবে’।

এর আগে শুক্রবার এক ফেসবুক পোস্টে মিতু জানান, গত সাত দিন ধরে ফোন কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে, সম্প্রতি দল থেকে পদত্যাগ করা এনসিপির প্রতিষ্ঠাতা নেতা সামান্তা শারমিনও হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবুজ খান নামে এক ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার নেতা পরিচয় দিয়ে তাকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কয়েক দিনের মধ্যে তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন।

সামান্তা টাইমসকে জানান, তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে আমি প্রায়ই হুমকিমূলক মেসেজ পাই, তবে এবারই প্রথম সরাসরি ফোন কল পেলাম।’

 

এর আগে বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তাবাসসুম জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত সোয়া ১২টার দিকে পরপর চারটি বিস্ফোরণের পর বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে ওই বাড়িতে থাকা এক শিশু আহত হয় এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা যায়।

তিনি আরও জানান, হামলার প্রায় তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে আসার পর পুলিশ আলামত সংগ্রহ করতে দেরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে এনসিপি ঢাকাসহ কয়েকটি জেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

এই হামলার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম রোববার জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারা আরও সাত কার্যদিবস সময় চেয়েছেন।

অন্য এক ঘটনায়, গত মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্টের সামনে চাপাতির হামলায় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশার ভেতরে বসা হাসিবকে এক ব্যক্তি গালিগালাজ করছেন এবং একপর্যায়ে তার ওপর হামলা চালান। এ সময় হাসিব গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। হামলাকারীর হাতে চাপাতির মতো অস্ত্র দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এসব ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংসদে এবং বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নাহিদ বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই সরকার তাদের কী ধরনের নিরাপত্তা দেবে? সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তবে তা স্পষ্ট করে জানিয়ে দিক।’

এনসিপি নেতাদের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগী এবং অপরাধীরা ভয় ছড়ানোর জন্যই জুলাই অভ্যুত্থানের সংগঠকদের টার্গেট করছে। বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিতে ব্যর্থতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা।

 

দলটির রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার টাইমসকে বলেন, ‘আমাদের কর্মসূচি চলমান রয়েছে। আমরা নিয়মিত হত্যা ও হুমকির মুখে পড়ছি। আমাদের এই কর্মসূচি আরও জোরদার করা হবে।’