Image description
আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

 

বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছেন। বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করেছে। ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ বর্তমান সরকারের মধ্যে দেখা গেলেও এখনই তাদের ফ্যাসিস্ট বলতে চান না বলে উল্লেখ করেন তিনি।
 
ডা. শফিকুর রহমান বলেন, জাতির সামনে ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে এবং জুলাই সনদ না মেনে প্রতারণার আশ্রয় নিয়েছে।

 

জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে অযথা মাতামাতি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি আরও বলেন, যারা জুলাইয়ে রাজপথে রক্ত দিয়েছে, তারা নতুন করে আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবে না।

 

দেশের শিক্ষাখাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, শিক্ষাখাতে এখন চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল ও কলেজের পরিচালনা কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যোগ্য ও মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে এবং জোর করে দলীয় লোকজনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আর কোনো ভোট ডাকাত ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না।
 
যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি জানান, তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং কোনো অন্যায় সহ্যও করবেন না।

 

একই প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের তরুণ সমাজকে চাঁদাবাজি ও দখলদারিত্বের দিকে ঠেলে দিয়ে এক গভীর সংকট তৈরি করছে।
 
চাঁদাবাজি, মাস্তানি, খুন ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকার তরুণদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

 

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সনদ বাস্তবায়ন না করে সরকার আবারও একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে। যে সরকার দ্বিচারিতার সাথে জড়িত, তাদের দ্বারা কখনোই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলে তিনি মনে করেন।
 
এছাড়া সংবাদমাধ্যম বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যেতে হবে’—এ ধরনের কথা বলার কোনো অধিকার ভারতের নেই।