রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। এর আগে ভবনটির মালিককে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি যে ভবনে অবস্থিত, সেটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার।
পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে নুর ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী।
এ বিষয়ে নুর ইসলাম জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনে তাকে বলা হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিষ্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু’।
নুর ইসলাম আরও জানান, তাকে ফোন করার আগের দিন রাতে তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ফোন পাওয়ার পরদিন ৭ নভেম্বর রাতেও আবার ককটেল বিস্ফোরণ হয়। এরপর শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা তিনজন তার দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এর আগে ককটেল বিস্ফোরণের পর তিনি ডিসি অফিসকে বিষয়টি জানিয়েছিলেন।
মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ বিষয়ে গণমাধ্যমে বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর নুর ইসলাম। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। ঘটনাস্থলে এসে তিনি শুনেছেন, কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।