জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন বলেছেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল ও প্রধান বিরোধী দল—সবাই দায় এড়িয়ে গেছে। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেওয়া ফেসবুক পোস্ট শেয়ার করে এসব কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সামান্তা শারমিন লেখেন, ‘নুসরাতের বাড়িকে, ওদের আদরের তারাকে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা- সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলে এবং নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের জন্যই ত্রাস এমন ভাবলে ভুল হবে।
জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সকলেই হাত মুছে ফেলেছে।
জুলাই রক্ষায় ২৪ এর গণ অভ্যুত্থানের পরে ২৬ সালের নির্বাচন হতে প্রাপ্ত সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কিনা তা এখন প্রমাণ করতে হবে।’
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
তিনি আরও লেখেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
এরও আগে, বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, যে টিনশেড ঘরটিতে আগুন লেগেছে, সেটি নুসরাত তাবাসসুমের দাদার তৈরি। সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। ঘরটি থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের মা-বাবা ও পরিবারের সদস্যরা থাকেন।
ঘটনার পর গতকাল রাতে এক ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রলবোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানেন না বলে উল্লেখ করেন তিনি। ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।