Image description

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় এক কর্মীকে লাথি মারার ঘটনায় আলোচনায় এসেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভিডিওতে রাজিব আহসানকে একজন কর্মীকে লাথি মারতে দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার আচরণের সমালোচনা করছেন, আবার কেউ শৃঙ্খলা রক্ষার যুক্তিতে তার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে যিনি লাথির শিকার হয়েছেন, সেই কর্মী দাবি করেছেন, নেতা তাকে শাসন করেছেন।

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রা শেষে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রাজিব আহসানের ওই ভিডিও। পরে জানা যায়, লাথির শিকার ব্যক্তির নাম শফিকুল ইসলাম শফিক। তিনি লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

 

ঘটনাটিকে রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক।

তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের কর্মীর সঙ্গে এ ধরনের আচরণ ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতা ও উচ্ছৃঙ্খল মানসিকতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও বাস্তবে নেতাদের আচরণে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

তার মতে, রাজনৈতিক অবস্থানের কারণে অনেক নেতা নিজেদের চেয়ে নিচের পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে অগণতান্ত্রিক কৌশল অবলম্বন করছেন। এতে রাজনৈতিক শিষ্টাচারও ক্ষুণ্ন হচ্ছে।

ঘটনাটি ক্যামেরায় ধারণ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিমন্ত্রী হয়তো ভাবেননি তার এমন আচরণ ক্যামেরায় ধরা পড়বে। তবে এ ধরনের ঘটনা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায়।

ড. তৌহিদুল হক আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়াতে নানা কৌশলে মানুষকে একত্র করা হয়। এর মাধ্যমে সমাবেশের পরিসর বড় করে দেখানোর চেষ্টা থাকে। তবে এর সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি সম্পর্ক নেই।

শৃঙ্খলা রক্ষার যুক্তিতে কর্মীকে লাথি মারার বিষয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় দায়িত্বশীলদের অনেক চাপ সামলাতে হয়। কখনো তারা ধৈর্য হারাতে পারেন। তবে পদমর্যাদায় যারা বড়, তাদের আরও বেশি সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন।

তিনি বলেন, নেতাদের আচরণ দেখেই অন্য নেতা-কর্মীরা শেখেন। তাই দাম্ভিকতা, উচ্ছৃঙ্খলতা ও গণতান্ত্রিক মূল্যবোধবহির্ভূত আচরণের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

ঢাকাটাইমস