কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির; এমন অভিযোগ তুলে তিনি বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে জামায়াত-শিবির কৌশলে এসব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। একই সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার কৌশলও নিতে পারে দলটি বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।
পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, 'নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?' আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।
আচ্ছা, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করতো, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানতো? আর সারাদেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল? ছিল না। সুতরাং একটা দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না। তবে এ ক্ষেত্রে শিবিরের অনেকে যেহেতু ছাত্রলীগ করতো, তারা অতীতের ন্যায় ছাত্রলীগের সাথে মিশে গিয়ে আওয়ামী দুর্বৃত্তদের চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে আগাম তথ্য লিক করতে পারে!
তবে একটা বিষয় পরিষ্কার যে, আওয়ামীলীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামীলীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে। এছাড়া, ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, 'কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দ গোষ্ঠী জামায়াত-শিবির!' জুলাই গাদ্দার মেজর আক্তারুজ্জামানকে যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে...! আর ঠিক একারণেই আ.লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে ঐ অর্থে জামায়াত-শিবিরের শক্ত কোনো ভূমিকা নেই এবং এই মুহূর্তে জামায়াত-শিবির শক্তভাবে মাঠেও নামবে না!
এর পিছনে দুটি কারণ থাকতে পারে;
প্রথমত, জামায়াত-শিবিরের চিন্তা এমন যে, আ.লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা করলে বিএনপি সরকার দুর্বল হবে। আর সরকার দুর্বল হয়ে পড়লে সরকারের কাছে বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের কদর বাড়বে, এবং সরকার তখন আ.লীগ দমনে বিরোধী দলের সহযোগিতা চাইবে। আর সে সময় জামায়াত-শিবির এটাকে বার্গেনিং টুল/দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং বিরোধী দলে থেকে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ স্টেক রাখতে প্রতিনিয়ত ছড়ি ঘোরাবে। 'সরকারি দল বিরিয়ানি খাচ্ছে আর আমাদের চকলেট ধরিয়ে দিচ্ছে' মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্য বিশ্লেষণ করলে তো সব উত্তর পরিষ্কার হয়ে যায়।
দ্বিতীয়ত, সাম্প্রতিককালে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার, এটিএম মা'ছুমসহ জামায়াতের প্রতিনিধিদল বৈঠক করেছে। যেহেতু বৈঠকের বিষয়টি জামায়াত অস্বীকার করেছে, এই অস্বীকার করার কারণেই জামায়াত বড় ধরনের ট্রাপে পড়ে গেছে। ধারণা করা যায় সেখানে এমন আলোচনা হয়েছে যে, আপনারা জাতীয় সংসদের বিরোধীদল, সারাক্ষণ আ.লীগের বিরোধিতা করে আপনাদের ফায়দা কী? বরং আ.লীগের কাজ তারা করুক, আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জামায়াত সম্মত না হলে, আ.লীগের বিষয়ে এতো নমনীয় হওয়ার কথা নয়।
তবে প্রথম বা দ্বিতীয় পর্যবেক্ষণের মধ্যে যেটিই হোক না কেন, জামায়াত-শিবিরের এই খায়েশ কখনোই পূরণ হবে না। বাংলাদেশপন্থী শক্তিকে সাথে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করার লড়াই বিএনপি চালিয়ে যাবে, ইনশাআল্লাহ। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা ৩ মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।