Image description

রাজধানীতে আওয়ামী লীগের এক নেতাকে ছাড়াতে গিয়ে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবু। তিনি রাজধানীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবুকে ছাড়াতে গিয়েছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শেরে বাংলা নগর এলাকা থেকে বাবুকে আটক করে।

আটকের পর লিটন মাহমুদ।

পুলিশ বলছে, গ্রেপ্তার রবু পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে রাজধানীতে নাশকতামূলক কর্মকান্ডে নিয়োজিত। সরকার দলীয় বিভিন্ন সুবিধাভোগী নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ভয়ংকর অপরাধ কর্ম চালিয়ে আসছিল। রবু হচ্ছেন তেরে নাম বাবুর ঘনিষ্ঠ সহযোগী মমিনুল ইসলামের বাবা।

পুলিশ আরও জানায়, মমিনুলকে দিয়ে পঙ্গু হাসপাতাল এলাকায় অপরাধ কর্ম নিয়ন্ত্রণ করে আসছিল তেরে নাম বাবু। রবুকে ছাড়িয়ে নিতে একের পর এক চাপ প্রয়োগ করে আসছিল সে। শেরেবাংলা নগর থানায় গিয়ে পুলিশের সঙ্গে খারাপ ব্যবহারও করে সে। এক পর্যায়ে তাকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, যথেষ্ট প্রমাণাদি হাতে নিয়েই আমরা তেরে নাম বাবুকে আটক করেছি। অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানো হবে।