গার্ডিয়ানের প্রতিবেদন
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে ‘আত্মবিশ্বাসী’। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় হওয়ায় দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। এমনকি তার মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা। এ সময়ে কয়েকবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি বা নিজের চেহারা দেখাননি তিনি।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর ঘটনায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। ওই অভিযানে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে। দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।
গত আগস্টেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে দ্য গার্ডিয়ানকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বেশ আত্মবিশ্বাসী। তার দেশে ফেরার প্রস্তুতি দেখে দলের আরও কয়েকজন নেতাও ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন বলে জানান তারা।
সোমবার শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান। এতে শেখ হাসিনার জন্য দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়। দ্য গার্ডিয়ান ওই চিঠি দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কারণ, তিনি সত্যিই দেশে ফিরতে চান।’
ওই নেতা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। এ কারণেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে রাজি না হলে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন।
শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে যে ট্রাইব্যুনাল তাকে সাজা দিয়েছেন, সেটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত-বাংলাদেশ টানাপোড়েন
মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশের এই দাবি এখন পর্যন্ত উপেক্ষা করেছে ভারত সরকার। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাকে ফেরত না দেওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে একজন ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ‘গ্রহণযোগ্য বন্দিবিনিময়’ হলেই কেবল তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে।
এদিকে, শেখ হাসিনার মামলার প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, তাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। কারণ, তিনি একজন ‘দণ্ডিত পলাতক আসামি’।
তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে।
আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান পালিয়ে যাওয়া নেতারাও
ক্ষমতায় থাকাকালে ১৫ বছর ধরে নির্যাতন ও নিপীড়নের অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধে সাজা পাওয়ার পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর কাছে শেখ হাসিনা জনপ্রিয়। বাংলাদেশে থাকা দলটির হাজার হাজার নেতাকর্মীর অনেকে এখন আত্মগোপনে রয়েছেন।
বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পেছনে দলীয় সমর্থন আবারও শক্তিশালী করার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে নতুন সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যও থাকতে পারে।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসে। বাংলাদেশের কয়েক দশকের মধ্যে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে ওই নির্বাচনকে উল্লেখ করা হয়েছে। তবে ক্ষমতায় আসার পর থেকেই সরকার মূল্যস্ফীতি ও বিভিন্ন প্রতিবাদের মুখে পড়েছে। এসব প্রতিবাদের কারণে পোশাক কারখানার কার্যক্রমও বন্ধ হয়েছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে চায় বলে ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগের পালিয়ে থাকা আরেক নেতা জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে তারাও দেশে ফিরতে চান। যদিও তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। অনুপস্থিতিতেই তাদের অনেককে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারতে অবস্থানরত দলটির ওই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের কয়েকজনকে অনুপস্থিতিতেই সাজা দেওয়া হয়েছে। এসব বিচার ছিল প্রহসনমূলক। আমরা জানি, দেশে ফিরলে কারাগারে যেতে হবে। তারপরও আমরা সব পরিণতি মেনে নিতে প্রস্তুত। নিজেদের মানুষের কাছে ফিরব এবং রাজনৈতিকভাবে লড়াই করব।’
এদিকে, গত কয়েক মাসে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহিও রয়েছেন। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
অন্যদিকে, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা ভারতের কলকাতায় নিয়মিত বৈঠক করছেন। তাদের অনেকেই সেখানে অবস্থান করছেন। দলীয় নেতাদের প্রায়ই দিল্লিতে ডেকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করানো হয়।
চলতি সপ্তাহে ই-মেইলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মৃত্যুবরণ করতে চাই।’