Image description
সুনামগঞ্জ এসপি’র দাবি

সুনামগঞ্জের নেতাদের শিক্ষা সফরের নামে সিলেটের রাতারগুলের একটি রিসোর্টে দলীয় সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা রণজিৎ সরকার। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে সুনামগঞ্জ পৌর শহর থেকে রণজিতের প্রধান সহযোগী তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি ও পুলিশের তদন্তে সমাবেশের স্থান হিসেবে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্ট বলে নিশ্চিত হওয়া গেছে। শিক্ষা সফরে ওখানে সুনামগঞ্জের নেতাকর্মীদের নেয়া হয়। এরপর হঠাৎ করেই সেখানে উপস্থিত হন রণজিত সরকার। কয়েক মিনিটের বক্তব্য দিয়ে তিনি চলে যান। এদিকে সোহেল স্কয়ার ইকো রিসোর্টের কর্মচারীরা জানিয়েছেন- বুধবার এডভোকেট মোহাম্মদ রোকন নামে এক ব্যক্তি রোববার শিক্ষা সফরের নামে ওই রিসোর্ট ভাড়া নেন। ওইদিন বিকালে তারা চলে আসেন। রাত ৯টার দিকে চলে যান।

শিক্ষা সফরের অনুষ্ঠানের জন্য তারা একটি স্টেজ নির্মাণ করেছিলেন বলে জানান তারা। তবে রিসোর্টের মালিক সোহেল আহমদ মানবজমিনকে জানিয়েছেন- তিনি অনুষ্ঠান সম্পর্কে জানেন না। তবে তার রিসোর্টে শিক্ষা সফরের সব পিকনিক হয়। ওইদিনও একটি অনুষ্ঠান ছিল বলে তিনি শুনেছেন।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন- রাতারগুলে সমাবেশের বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান। এদিকে- সমাবেশে যখন বক্তব্য রাখছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রণজিত সরকার তখন তার পাশেই ছায়ার মতো ছিলেন তারা মিয়া। সে পলাতক নেতা রণজিতের প্রধান সহযোগী। নানা অপকর্মের মূলহোতাও। সেই তারা মিয়াকে গতকাল ভোরেই সুনামগঞ্জ পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানও চালানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় সূত্র জানায়- আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক এমপি রণজিত সরকারের প্রধান সহযোগী এই তারা মিয়া।

সে তাহিরপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওই সমাবেশে যখন রণজিত সরকার বক্তব্য রাখছিলেন তখন তারা মিয়া তার কাছাকাছি ছিল। এমনকি রণজিত সিলেট ও সুনামগঞ্জ আসার খবর তারা মিয়ার কাছে ছিল। সমাবেশের আয়োজন তার মাধ্যমেই হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে তাহিরপুরের একাধিক সূত্র জানিয়েছে- সমাবেশে উপস্থিত থাকা নেতাকর্মীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে তাহিরপুর আওয়ামী লীগের নেতাকর্মী। বাকি ২০ ভাগ হচ্ছে নির্বাচনী এলাকার অপর তিন উপজেলার নেতারা। ভিডিও ভাইরাল হওয়ার পূর্ব পর্যন্ত এসব নেতাকর্মী এলাকাতে প্রকাশ্যেই ছিল। ভাইরাল হওয়ার পর পুলিশ সক্রিয় হওয়ায় তারা গা-ঢাকা দিয়েছে। তাহিরপুরের নেতাকর্মীদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

ঘটনায় তাহিরপুর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। সূত্র বলছে; রণজিতের আসা, যাওয়া ও সমাবেশের খবর তারা মিয়া জানতো। সে নিজেও গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তাহিরপুরে দায়ের করা তিন মামলার আসামি। কয়েক মাস ধরে তারা মিয়া প্রকাশ্যেই রয়েছে। তবে বেশির ভাগ সময় সে সিলেটে বসবাস করে। ওই ভিডিও’র সূত্র ধরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল সকালে শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানিয়েছেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিত সরকারের সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। এ বিষয়ে সঠিক তথ্য জানতে তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে রণজিতের প্রকাশ্য সমাবেশের বিষয়টি জানাজানি হওয়ার পর সরকার দল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সোমবার রাতে নগরের বিভিন্ন স্থানে পাল্টা শোডাউন করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। নগর জুড়ে তারা মোটরসাইকেল শোডাউনও করেন। রাত ১টার দিকে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের একটি মিছিল টিলাগড় এলাকায় যায়। সেখান থেকে তারা গোপালটিলায় রণজিত সরকারের বাসায় গিয়ে ইটপাটকেল ছুড়ে ক্ষোভ প্রদর্শন করে।

একপর্যায়ে রণজিতের বাসায় অগ্নিসংযোগ করা হয়। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রণজিতের বাসা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকায় নতুন করে অগ্নিসংযোগে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। রাত দুইটা পর্যন্ত নেতাকর্মীরা এ ক্ষোভ প্রদর্শন করে। একই সময় আরেকটি অংশ মেজরটিলা এলাকায় থাকা নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায়ও যান। তারা বাসায় ঢুকে ভাঙচুরও করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন- ভাঙচুরের সময় বাসার ভেতরে কেউ ছিলেন না। প্রধান ফটকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান দেখে বাসায় থাকা মহিলা ও শিশুরা অন্যত্র চলে যান। ফলে খালি বাসাতেই ভাঙচুর করা হয় বলে জানান তারা। পরে শাহপরান থানা পুলিশের একটি দল ওই এলাকা পরিদর্শন করেছে।