Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কারণের বাইরে আরও কিছু বিষয় আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জহিরুল ইসলাম এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

তবে কী কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। পরে এ বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেছেন, ‘ব্যক্তিগত কারণের বাইরেও কিছু কারণ থাকে, যা আপনাকে পরে বলব।’

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জহিরুল ইসলামের পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা বিএনপির সঙ্গে। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে বিএনপির স্থানীয় কাউন্সিলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জহিরুল ইসলাম এনসিপিতে যোগ দেন। পরে ২০২৬ সালের ২১ জানুয়ারি তাকে রামগঞ্জ পৌর এনসিপির সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মামুন হোসেন জানিয়েছেন, কী কারণে জহিরুল ইসলাম দল থেকে অব্যাহতি নিয়েছেন, তা তার জানা নেই। জাতীয় নির্বাচনের পর থেকে জহিরুলের সঙ্গে তাদের তেমন যোগাযোগও হয়নি।