ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে টেক্সটাইল রিসাইক্লিং ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল পণ্য পুনর্ব্যবহার শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কর্মক্ষেত্র ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অভাব, ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি এবং দুর্বল সরকারি তদারকির কারণে সেখানে নিয়মিত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। এতে প্রতিদিন অন্তত একজন শ্রমিক হাত-পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারাচ্ছেন। কোনো কোনো দিন এই সংখ্যা পাঁচজন পর্যন্ত পৌঁছায়। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার শ্রমিকদের বড় অংশই পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন সুবিধা।
পুলিৎজার সেন্টারের সহায়তায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলীয় শিল্পনগরী পানিপথে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১০ লাখ টনের বেশি ব্যবহৃত পোশাক পুনর্ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে ফেলে দেওয়া এসব পোশাক পানিপথে এনে যন্ত্রের সাহায্যে ছিন্ন করে পুনরায় তন্তুতে রূপান্তর করা হয়। পরে এসব তন্তু থেকে সুতা তৈরি করে তা দিয়ে বিভিন্ন ধরনের তৈরি পণ্য উৎপাদন করা হয়। ফলে শহরটি বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল পুনর্ব্যবহারকেন্দ্রে পরিণত হয়েছে।
পানিপথের প্রায় ২০ হাজার কারখানায় কর্মরত রয়েছেন আনুমানিক তিন লাখ শ্রমিক। এসব কারখানায় উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ঘরের আসবাব ও গৃহসজ্জার সামগ্রী। এসব পণ্য সরবরাহ করা হয় এইচঅ্যান্ডএম হোম, আইকিয়া, প্রাইমার্ক, টেসকো ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে।
তবে বেশি বেশি পোশাক কেনা এবং অল্প সময় ব্যবহার করার প্রবণতার ওপর দাঁড়িয়ে থাকা বৈশ্বিক ফাস্ট-ফ্যাশন শিল্পের বর্জ্য পুনর্ব্যবহারের কাজ করতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ছেন শ্রমিকেরা।
দুই হাত হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ
পানিপথের এক কারখানায় তিন মাস ধরে পরিত্যক্ত পোশাক ছেঁড়ার যন্ত্রে কাপড় সরবরাহের কাজ করছিলেন ১৯ বছর বয়সী সুরজ কুমার। ভারতের পশ্চিমবঙ্গ থেকে কাজের সন্ধানে পানিপথে এসেছিলেন তিনি। তাঁর কয়েকজন চাচাতো ভাই ও বন্ধু আগে থেকেই শহরটির বিভিন্ন কারখানায় কাজ করতেন। তাঁদের অনুসরণ করেই সুরজের সেখানে আসা। উদ্দেশ্য ছিল, কাজ করে অর্থ উপার্জন এবং পরিবারের কাছে টাকা পাঠানো।
কিন্তু গত আগস্টের শেষ দিকে কারখানার একটি যন্ত্রে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে সুরজ ছিটকে যন্ত্রটির ভেতরে থাকা কাপড় ছেঁড়ার অংশে পড়ে যান। ভয়াবহ ওই দুর্ঘটনায় তাঁর দুই হাতই পিষ্ট হয়ে যায়। সুরজ বলেন, ‘দুই হাত হারানোর চেয়ে আমার মৃত্যু হলেই ভালো হতো।’
পরিবারের একমাত্র সন্তান সুরজ ভেবেছিলেন, পানিপথে কাজ করে বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নেবেন। কিন্তু দুর্ঘটনার পর এখন তিনি নিজেই পরিবারের ওপর আর্থিক বোঝা হয়ে দাঁড়ানোর আশঙ্কায় রয়েছেন। পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যে যে কাজ শুরু করেছিলেন, সেই কাজই তাঁকে অন্যের ওপর নির্ভরশীল করে তুলেছে। ভবিষ্যতে কীভাবে জীবন কাটাবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
প্রতিদিন ঘটছে অঙ্গহানির ঘটনা
পরিবেশকর্মী রমেশ চৌধুরী গত পাঁচ বছর ধরে পানিপথের বিভিন্ন কারখানায় শ্রমিকদের আহত হওয়া, হাত-পা হারানো এবং মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করছেন। এর আগে তিনি শহরটির শ্রম বিভাগে কাজ করেছেন। তাঁর হিসাব অনুযায়ী, পানিপথে প্রতিদিন অন্তত একজন শ্রমিক কোনো না কোনো অঙ্গ হারাচ্ছেন। কোনো কোনো দিন এই সংখ্যা পাঁচজন পর্যন্ত পৌঁছায়। চৌধুরী বলেন, ‘প্রতিদিনই আমরা কারখানার ভেতরে শ্রমিকদের আহত হওয়ার ঘটনা জানতে পারি। কেউ হাত হারান, কেউ পা হারান, আবার কখনো কখনো শ্রমিকের মৃত্যুও ঘটে।’
শহরটির বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহকারী ঠিকাদারদের একটি নেটওয়ার্কের মাধ্যমে তিনি এসব তথ্য সংগ্রহ করেন। তবে সব দুর্ঘটনার খবর তাঁর কাছে পৌঁছায় না। ফলে প্রকৃত দুর্ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করেন তিনি।
চলতি বছরের ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পানিপথের ১১টি বেসরকারি হাসপাতাল ও দুটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্রমিকদের দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ করে দ্য গার্ডিয়ান। ওই সাত দিনে টেক্সটাইল কারখানার শ্রমিকদের গুরুতর অঙ্গহানির ছয়টি ঘটনা পাওয়া যায়। এর মধ্যে দুজন একটি করে হাত হারিয়েছেন, একজন হারিয়েছেন দুই হাত, একজনের একটি হাত বিচ্ছিন্ন হয়েছে, একজন হারিয়েছেন একটি পা এবং আরেকজনের আঙুল কেটে ফেলতে হয়েছে।
চৌধুরীর মতে, কারখানাগুলোর যন্ত্রপাতিতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটছে। কোনো শ্রমিক সুতা তৈরির যন্ত্রে আটকে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও যন্ত্রটি সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। যন্ত্রটি পুরোপুরি থামার আগেই শ্রমিকের শরীরে ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে।
দ্য গার্ডিয়ান পানিপথের বিভিন্ন সুতা উৎপাদন ইউনিট ও কারখানা পরিদর্শন করে কোনো শ্রমিককেই নিরাপত্তাসামগ্রী ব্যবহার করতে দেখেনি। সাক্ষাৎকার দেওয়া শ্রমিকদের কেউই নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ পাওয়ার কথা জানাননি।
আইন থাকলেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না
ভারতের ১৯৪৮ সালের ফ্যাক্টরিজ অ্যাক্ট অনুযায়ী, কারখানার মালিকদের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। কর্মক্ষেত্রে গুরুতর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতাও রয়েছে এই আইনে। তবে বাস্তবে কারখানাগুলোর নিরাপত্তা তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। শিল্পক্ষেত্রে দুর্ঘটনা কমাতে কাজ করা সংস্থা সেফ ইন ইন্ডিয়া ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা সন্দীপ সাচদেব বলেন, কারখানাগুলোতে ক্রেতা প্রতিষ্ঠান এবং সরকারি শিল্পনিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিরীক্ষা ও পরিদর্শন করা হলেও শ্রমিকদের নিরাপত্তা যথাযথ গুরুত্ব পায় না।
তিনি বলেন, ‘বিশেষ করে পণ্যের গুণগত মান এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে ক্রেতা প্রতিষ্ঠানগুলো প্রায়ই কারখানা নিরীক্ষা করে। কিন্তু এসব নিরীক্ষায় কর্মক্ষেত্রের নিরাপত্তা কিংবা শ্রমিকদের কাজের পরিবেশের চেয়ে বাণিজ্যিক শর্ত ও পণ্যের মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।’
সরকারি পরিদর্শনের ক্ষেত্রে কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে কারখানা নির্বাচন করা হলেও পরিদর্শকদের এখন কারখানায় যাওয়ার আগে কর্তৃপক্ষকে জানাতে হয়। সাচদেবের ভাষ্য, পরিদর্শকদের দায়িত্ব এখন সহায়তাকারী ও পরিদর্শকের সমন্বিত ভূমিকায় রূপ নিয়েছে। এতে বিশেষ করে অনিরাপদ কর্মপরিবেশ থাকা কারখানাগুলোতে পরিদর্শনের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে।
পা হারিয়ে জীবিকা হারিয়েছেন ১৮ বছর কাজ করা শ্রমিক
বিহারের ছাপড়া এলাকার পঞ্চাশোর্ধ্ব রামাশঙ্কর সিং পানিপথের বিভিন্ন কারখানায় টানা ১৮ বছর কাজ করেছেন। কিন্তু গত বছর একটি দুর্ঘটনায় তাঁর একটি পা কেটে ফেলতে হয়। কারখানায় কাজ করার সময় একটি গরম বল বেয়ারিং তাঁর পায়ের ওপর পড়ে। প্রথমে কারখানার পক্ষ থেকে ক্ষতস্থানটি পরিত্যক্ত কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। পরে মালিক তাঁকে একটি ওষুধের দোকানে পাঠান।
কিন্তু ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পরিস্থিতির অবনতি হতে থাকে। পরে রামাশঙ্কর আবার নিয়োগকর্তার কাছে গেলে মালিক চিকিৎসার ব্যবস্থা করতে রাজি হন এবং তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। ততক্ষণে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসকদের তাঁর হাঁটুর ওপর থেকে পা কেটে ফেলতে হয়।
রামাশঙ্কর বলেন, ‘কারখানার মালিক বলেছিলেন, তিনি আমাকে অন্য কোনো কাজ দেবেন। সম্ভবত কারখানায় রাঁধুনি কিংবা নিরাপত্তাকর্মী হিসেবে কাজের ব্যবস্থা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।’ মালিক তাঁকে সরকারি প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনার পর থেকে তিনি কোনো ভাতা পাননি। বর্তমানে একটি দাতব্য সংস্থার দেওয়া কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করছেন।
কারখানায় জীবনের দীর্ঘ সময় কাটানোর পর রামাশঙ্কর বলেন, ‘কাজ ছাড়া কীভাবে বাঁচতে হয়, তা আমি প্রায় ভুলেই গেছি। এখন দিনের বেশির ভাগ সময় বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কাটে।’ দুর্ঘটনার পর পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় অপরাধবোধেও ভুগছেন তিনি।
৯২ শতাংশ শ্রমিক অনানুষ্ঠানিক কর্মসংস্থানে
ভারতের টেক্সটাইল শিল্প দেশটির কৃষির পর দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের খাত। এ শিল্পে সরাসরি কর্মরত মানুষের সংখ্যা ৪ কোটি ৫০ লাখের বেশি। তবে এ খাতের মোট শ্রমশক্তির আনুমানিক ৯২ শতাংশই অনানুষ্ঠানিকভাবে নিয়োজিত। এস্তোনিয়াভিত্তিক প্রতিষ্ঠান রিভার্স রিসোর্সেসের কর্মসূচি ব্যবস্থাপক ইনা বাহুগুনা জানান, পানিপথের ৯০ শতাংশেরও বেশি শ্রমিক অনানুষ্ঠানিকভাবে কাজ করেন। প্রতিষ্ঠানটি শহরটির টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে।
বাহুগুনা বলেন, ‘আনুষ্ঠানিক নিয়োগচুক্তি এবং এর সঙ্গে যুক্ত সামাজিক নিরাপত্তাসুবিধা, যেমন পেনশন, মূলত ব্যবস্থাপনা বিভাগ, কেরানি পদ এবং দর্জির মতো কিছু বিশেষায়িত কাজের শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ।’
কারখানার উৎপাদন বিভাগে সরাসরি কাজ করা অধিকাংশ শ্রমিক এসব সুবিধা থেকে বঞ্চিত। ফলে গুরুতর দুর্ঘটনার শিকার হলে তাঁরা নিয়োগকর্তার কাছ থেকে ক্ষতিপূরণ, পুনর্বাসন সহায়তা কিংবা নিয়মিত আয়ের নিশ্চয়তা পান না।
দ্য গার্ডিয়ান কয়েকজন কারখানার মালিকের কাছে জানতে চেয়েছিল, তাঁরা কেন শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক কিংবা উৎপাদনের পরিমাণ অনুযায়ী মজুরির ভিত্তিতে নিয়োগ দেন। অধিকাংশ মালিকের যুক্তি, শ্রমিকেরা মৌসুমি অভিবাসী। তাঁরা বাড়িতে যাওয়ার পর অনেক সময় আর পানিপথে ফিরে আসেন না। এ কারণেই তাঁদের স্থায়ী নিয়োগ দেওয়া হয় না।
হাত হারিয়ে ছয় বছর আইনি লড়াই, ক্ষতিপূরণ পাননি শ্রমিক
কর্মক্ষেত্রে গুরুতর দুর্ঘটনার শিকার শ্রমিকদের চিকিৎসার খরচ আদায় করাও কঠিন হয়ে পড়ে। ২০১৭ সালে একটি দুর্ঘটনায় হাত হারানো ইন্দ্রপাল সিংয়ের ঘটনাটি এর উদাহরণ। পানিপথে তিনি ১৫ বছর কাজ করেছেন। এর মধ্যে দুর্ঘটনার শিকার হওয়ার আগে সংশ্লিষ্ট কারখানায় কাজ করেছিলেন আড়াই বছর। চীনে তৈরি একটি কার্ডিং মেশিনে তাঁর হাত আটকে যায়। যন্ত্রটি তাঁর হাতের চামড়া ছিঁড়ে ফেলে। প্রথমে তাঁকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হলেও পরে সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁর হাত কেটে ফেলতে হয়। কিন্তু কারখানার মালিক তাঁর হাসপাতালের চিকিৎসার খরচ দিতে অস্বীকৃতি জানান।
এরপর ছয় বছর ধরে আদালতে আইনি লড়াই চালিয়েও কোনো ক্ষতিপূরণ পাননি বলে জানান ইন্দ্রপাল। পুলিশের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল, তিনি অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার কাগজপত্রে স্বাক্ষর করেছেন। তবে ইন্দ্রপাল এ দাবি অস্বীকার করেন। তাঁর বক্তব্য, তিনি পড়তে কিংবা লিখতে পারেন না।
ইন্দ্রপাল বলেন, ‘আমি আমার হাত হারিয়েছি, ছয় বছর ধরে আইনি লড়াই করেছি। শেষ পর্যন্ত পেয়েছি মাত্র ৫ হাজার ৭০০ রুপির (৪৫ পাউন্ড) সরকারি পেনশন। কারখানার মালিককে কোনো পরিণতির মুখোমুখি হতে হয়নি। কারখানাটিও আগের মতোই চলছে।’
রমেশ চৌধুরী বলেন, কারখানার মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা খুবই সীমিত। কারণ, মালিকেরা শুধু আর্থিকভাবেই শক্তিশালী নন, তাঁদের কেউ কেউ রাজনৈতিকভাবেও প্রভাবশালী। ফলে অনেক শ্রমিকের পক্ষেই তাঁদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামা সম্ভব হয় না।
এক শতাংশেরও কম দুর্ঘটনার মামলা পুলিশের কাছে যায়
পানিপথের ১২টি থানার একটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ কুমার জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত তাঁর থানায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হওয়ার তিনটি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনার ১ শতাংশেরও কম ঘটনা পুলিশের কাছে পৌঁছায় এবং আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়।’
ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য, অধিকাংশ দুর্ঘটনার ঘটনাই আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার বাইরে মীমাংসা হয়ে যায়। এসব ক্ষেত্রে শ্রমিকেরা চিকিৎসার খরচ বাবদ এককালীন কিছু অর্থ পেতে পারেন। কিন্তু এরপর দুর্ঘটনার দীর্ঘমেয়াদি পরিণতি তাঁদের নিজেদেরই সামলাতে হয়। এসব ঘটনায় পুলিশও খুব কমই হস্তক্ষেপ করে।
এদিকে সুরজ কুমারের পরিবার আপাতত স্বস্তিতে রয়েছে যে কারখানার মালিক তাঁর চিকিৎসার খরচ বহন করছেন। তবে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। সুরজের মা সীতা বলেন, ‘তিনি (কারখানার মালিক) আমাদের কাছে ঈশ্বরের মতো। তিনি আমাদের ছেলের চিকিৎসার খরচ দিচ্ছেন।’ কিন্তু দুই হাত হারানোর পর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন সুরজ।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, দুই বছর কঠোর পরিশ্রম করলে নিজের জন্য একটি মোটরসাইকেল কিনতে পারব। জীবন নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল। কখনো ভাবিনি, একদিন নিজের দুই হাত ছাড়াই কীভাবে বেঁচে থাকতে হবে, সেই হিসাব কষে আমাকে জীবন শুরু করতে হবে।’