বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি দমন-পীড়নের নীতি অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত আন্দোলনের সমাধান করা উচিত। দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও দলটি ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। জ্বালানি খাতেও মন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিখিতভাবে জ্বালানি খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেও বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। গত ১৬ বছরেও দলটি এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি বড় দল হতে পারে, কিন্তু এটি একটি আপসকামী দল। বেগম খালেদা জিয়া আপসহীন হলেও দলটির বেশির ভাগ নেতা আপসকামী। বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। এ জন্য সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এটি একটি অজুহাতের সরকার। সরকারের প্রতিটি ব্যর্থতার পেছনে তাদের অজুহাত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার সানী আব্দুল হক, সাদিয়া ফারজানা দিনা, ডা. কামরুল ইসলাম দর্পণ, মোশাররফ হোসাইন ও আবু সাঈদ লিয়নসহ স্থানীয় নেতারা।