Image description

দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (০১ ন‌ভেম্বর) সকা‌লে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি।

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া ব‌লেন, নুরন্নবী সরকারের পাুরবা‌রিক কিছু সমসস্যার কার‌ণে সাংগঠ‌নিকভা‌বে তি‌নি নি‌ষ্ক্রিয় ছি‌লেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তুলে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন এটা তার মণগড়া কথা।ত‌বে পদত্যাগের বিষয়‌টি একান্ত তার ব্যক্তিগত বিষয়।