Image description

সংসদীয় সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল রবিবার (১ নভেম্বর)। নির্ধারিত এই সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং মনোনয়ন প্রত্যাহার না করলে একক প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

 

শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে বৈধ একক প্রার্থী থাকলে এবং তিনি নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়।

 
এ ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।