Image description

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, তা জান‌তে চে‌য়েছেন জামায়াত আমির ডা. শ‌ফিকুর রহমান। তি‌নি ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী জাপান সফ‌রে কী জন্য গিয়েছিলেন, কী করে এসেছেন—জাতির সামনে তাকে খোলাসা করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, জাতি তা পরিষ্কার জানতে চায়। কানেক্টি‌ভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।

ভারত ও আওয়ামী লী‌গের সম্প‌র্কের প্রতি ইঙ্গিত ক‌রে জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর রহমান বিএন‌পি সরকা‌রের উদ্দে‌শ্যে ব‌লেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না।

 

শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১–দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার গণহত্যার বিচার, বিদ্যুৎ–জ্বালানি–গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি–চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করাসহ ৭ দফা দা‌বি‌তে লংমার্চ কর‌ছে জামায়াত জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল। আগামী ২১ নভেম্বর হ‌বে সিলেট অভিমুখে লংমার্চ। 

 

সমাবে‌শে শফিকুর রহমান ব‌লে‌ন, সাত দফা প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। যদি এ দাবি বাস্তবায়ন হতো, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়কর‌ণের মতো সমস্যা হ‌তো না।

শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। বরং, নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম) বলেন, আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন, বিভিন্ন করপোরেশন এখন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সমস্ত টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, আমরা জুলাই বিপ্লবের প্রতি আমাদের কমিটমেন্ট পুনর্ব্যক্ত করছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছি। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে, জনগণকে অসম্মান করছে।

সমা‌বে‌শে আরও বক্তৃতা ক‌রেন এবি পা‌র্টর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।