Image description

ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে আটকের পর বাদীপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মুচলেকা দেওয়ার পর পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে কলেজের অধ্যক্ষ থানায় দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেন।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি বৈদ্যুতিক পাখা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় কলেজের কর্মচারী ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে তাদের হুমকি ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও আনা হয়।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা উল্লেখ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সাহেদ তালুকদারকে আটক করে পুলিশ।

অভিযোগ প্রত্যাহারের বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, কলেজের সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল খায়েরের নির্দেশে তিনি অভিযোগ তুলে নিয়েছেন। পরবর্তীতে থানায় মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় সাহেদ তালুকদারকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী বলেন, কলেজের মালামাল চুরির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে বাদীপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ায় এবং লিখিতভাবে অভিযোগ তুলে নেওয়ায় শুক্রবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এই ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল। শুক্রবার (৩০ অক্টোবর) জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহান আল ইমাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদ থেকে সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হলো।