ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াতও আওয়ামী লীগের মতো ভারতকে তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁনের দাবি, এ কারণে জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ব্যর্থ হয়েছে।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।