ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দেলাওয়ার হোসেন। ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে সেখানে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
ভোট দেওয়ার পর নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘ভোটারদের প্রতি আহ্বান আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। কেবল ভোটগ্রহণ শুরু হয়েছে, এজন্য বর্তমান পরিস্থিতি নিয়ে বলার কিছু নাই। আর একটু সময় গেলে পরিস্থিতি সম্পর্কে বলা যাবে। তা ছাড়া আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে এসে দেখেছি, প্রিজাইটিং যে কর্মকর্তা রয়েছেন, তার কার্ডে কোনো ছবি দেওয়া নাই, আমরা কীভাবে বুঝব তিনি সেই ব্যক্তি নাকি অন্য কেউ।
তিনি আরও বলেন, এখানে প্রোক্সি দিতে পারে, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে দেখার অনুরোধ করছি। পুরো নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীন হচ্ছে তাহলে সুষ্ঠু হবে সেটা নির্ভর করছে সরকার এবং নির্বাচনের দায়িত্ব যারা আছে তাদের ওপর এবং প্রশাসনের ওপর।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।