Image description

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামের টাঙ্গাইল জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমিগ্রেশনে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইলের আদি টাঙ্গাইল এলাকার আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত যাওয়ার উদ্দেশ্যে তাওহীদুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন। এ সময় তাঁর পাসপোর্ট ও ভ্রমণ ভিসার তথ্য যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তাঁর বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে গত বছরের ১২ মার্চ দায়ের করা একটি মামলাসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় দর্শনা থানার পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তুহিন জানান, তাওহীদুল ইসলাম বুখারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা রয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।