ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দলীয়করণের প্রতিবাদে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। যাদের প্রার্থী নিজেই মাদকসেবী তাকে দিয়ে ঠাকুরগাঁওকে মাদক মুক্ত করা যাবে না। যারা নিজেরাই সন্ত্রাস ও চাঁদাবাজ লালন করে তাদের দ্বারা সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূল হবে না।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, দাঁড়িপাল্লা মার্কায় দেলাওয়ার হোসেন এমপি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। মা-বোনদের ইজ্জত, সম্মান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, দেলাওয়ার হোসেন আমাদেরকে শিখিয়েছে কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা করতে হয়। আমরা সেই শিক্ষা থেকেই ডাকসু, রাকসু, চকসু, জকসুতে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে বর্তমান ডাকসু যেই সাফল্য অর্জন করেছে সেই সাফল্য অর্জনের পেছনে দেলাওয়ার হোসেনের আদর্শ ও শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের অধিকার আদায়ে দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে ঠাকুরগাঁওবাসীকে ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানিয়ে বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যদি কারচুপির চেষ্টা করা হয় তবে এটাই হবে বিএনপি সরকারের শেষ নির্বাচন।