Image description

ফেনীতে বালুবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে। শনিবার এ ঘটনায় ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম।

অভিযোগে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

 

অন্য আসামিরা হলেন তার সহযোগী ও একই উপজেলার নিজকুঞ্জুরা এলাকার মো. ভুট্রু, মো. মামুন, মো. সুমন ও মো. মুন্না।

 

অভিযোগে বলা হয়, আশরাফুল ইসলাম ‘এডিএইচ করপোরেশন’-এর স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি পিএইচপি কারখানায় কাচ তৈরির কাঁচামাল সিলিকা বালু সরবরাহ করে আসছেন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সিলিকা বালুবোঝাই একটি ট্রাক পিএইচপি কারখানার উদ্দেশে পাঠানো হয়।

 

বেলা ৩টার দিকে ট্রাকটি কারখানার মূল ফটকের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকটির গতিরোধ করেন। এ সময় তারা ট্রাকচালককে জিম্মি করে গাড়ির চাবি ছিনিয়ে নেন।

 

অভিযোগে আরো বলা হয়, কারখানায় কর্মরত দুই নিরাপত্তাকর্মী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় একজন নিরাপত্তাকর্মীর পরনের পাঞ্জাবি টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিরা ট্রাকটি বালুসহ ছিনতাই করে নিয়ে যান।

 

এ ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।’