Image description

বিরোধী দলের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে মন্ত্রী হতে পারবেন না, আর সরকারও উন্নয়নকাজে তাঁকে সেভাবে সহযোগিতা করবে না এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ফয়সল আমীন বলেন, আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিরোধী দলের প্রার্থীকে ভোট দিলে এলাকার চলমান উন্নয়ন থমকে যেতে পারে। অন্যদিকে সরকারি দলের প্রার্থী নির্বাচিত হলে উন্নয়নের গতি আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফয়সল আমীন জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণের কথা রয়েছে।