Image description

নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল এবং ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস। তিনি জানান, গত সোমবার বিকেলে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। আজ সকালে মামলার অনুলিপি আদালতে জমা দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার নামে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী গৃহিণী আখতার জাহান বকুলের নামে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের নামে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান মিলেছে। ছেলেকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে সেই মামলাতেও কাদের মির্জাকে সহযোগী আসামি করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ১৯৯৯ থেকে ২০০১ সাল এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেন কাদের মির্জা। অপরদিকে তার স্ত্রীর বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের তথ্য পাওয়া যায়।

মামলার বাদী ও অনুসন্ধানকারী কর্মকর্তা চিন্ময় চক্রবর্তী জানান, কমিশনের অনুমোদন পাওয়ার পর মামলা তিনটি দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।