Image description

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্রের সামান্যতম চর্চার সুযোগও অবশিষ্ট ছিল না।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’-এর চূড়ান্ত পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল, তখনও জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কার্যক্রম চালিয়েছে, তা ছিল অভূতপূর্ব। তাঁর ভাষ্য, অতীতের অনেক স্বৈরাচারী শাসনামলেও বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত কিছুটা কথা বলার সুযোগ ছিল।

কিন্তু শেখ হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না।

তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার সুযোগ তৈরি হলে সেখান থেকেই পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় উপাদান পাওয়া যাবে। তরুণদের সম্পৃক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, তরুণদের উদ্বুদ্ধ করতে সংগঠনটি বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। নানা বাধা পেরিয়েও স্বৈরাচারী শাসনামলে সংগঠনটি তরুণদের নিয়ে কাজ চালিয়ে গেছে।

শীর্ষনিউজ