Image description

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ‘ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাভার নামাবাজারের পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌর এলাকার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন।

কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পূজা উদযাপন নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা চারদিকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন। ”

শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ