বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দাবিতে অনশনে বসেছেন নারী শিক্ষকরা। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
অনশণরত শিক্ষকরা জানান, নিজ জেলায় বদলিসহ বাড়ির কাছাকাছি বদলি করতে হবে। দ্রুত বদলি আদেশ জারি করতে হবে। ভিন্ন জেলায় চাকরি করার কারণে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। বদলি আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলে জানানো হয়েছে।