Image description

জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম ও পশ্চিমা সমর্থন পাওয়ার চেষ্টার সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি জামায়াতে ইসলামীকে পশ্চিমাদের সন্তুষ্ট করার পথ পরিহার করে আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে গড়ে ওঠা দলটির মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে লেখেন, ‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে। ’ তিনি দাবি করেন, আওয়ামী লীগের মমতাজ ছিলেন বাউল শিল্পী এবং তার অবস্থান ছিল প্রকাশ্য।

অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে ভিন্নভাবে একই ধরনের ভূমিকা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত পশ্চিমাদের কাছ থেকে ক্ষমতার সমর্থন পাওয়ার আশায় দেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে।

মাদানী লিখেছেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে এবং বিএনপি ক্ষমতায় থাকায় আগামী নির্বাচনে টানা দুই মেয়াদে কোনো দলকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় রাখবে না—এমন হিসাব জামায়াতের মধ্যে থাকতে পারে। তার মতে, জামায়াতের কাছে মূল সমস্যা ভোটের মাঠ নয়, বরং পশ্চিমা দেশগুলোর অবস্থান।



পশ্চিমাদের সন্তুষ্ট করতে গিয়ে জামায়াত নিজেদের আওয়ামী লীগ-বিএনপির চেয়েও বেশি ‘সেকুলার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বাস্কেটবল আয়োজন এবং সেখানে জামায়াতের একজন নারী সংসদ সদস্যের পুরস্কার বিতরণের বিষয় উল্লেখ করে তিনি এসব কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তবে নিজের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মাদানী। তিনি বলেন, কঠিন সময়ে তারা তাকে সহযোগিতা ও খোঁজখবর নিয়েছেন, ফলে তাদের প্রতি তার সহানুভূতি রয়েছে।

দলটির রাজনৈতিক অবস্থানের সমালোচনা তিনি সাধারণত বিরোধিতার জন্য করেন না বলেও জানান।

তবে পশ্চিমাদের খুশি করতে গিয়ে জামায়াত যদি ইসলামপন্থীদের চ্যালেঞ্জ করে, তাহলে তিনি ইস্যুভিত্তিকভাবে দলটির বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দেন।

শেষে জামায়াত-শিবিরের প্রতি আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, আল্লামা সাঈদীর শাহাদাতে রঞ্জিত দলটির মর্যাদা আরও নিচে নামানো উচিত নয়।