ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে দৌলতখান দক্ষিণ বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাজারে বিক্ষোভ এবং দলীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীরের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে দৌলতখান উপজেলা বিএনপি স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রত্যাশীদের জন্য ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু করে।
আলমগীরের সমর্থকদের দাবি, মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষ ওই ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এ বিষয়ে বক্তব্য জানতে পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে গোলাম কবির স্বপন বলেন, ‘আমার সমর্থকদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।’
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার জানান, দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ এড়াতে দৌলতখান বাজার ও দলীয় কার্যালয় চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।