সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তিনি ৩১ ডিসেম্বর নয়, চাইলে পরদিনই বাংলাদেশে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ায় হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপী বেগমের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শেখ হাসিনাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং তার জন্য দুটি হাতকড়া থাকবে।
তার অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের মানুষের ওপর মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করা হয়েছে। এসব ঘটনার বিচার বাংলাদেশেই হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফেরত দিতে প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার দেশের সম্পদ লুটপাট করেছে।
সেই লুটপাটের অর্থ ভোগ করতে না পেরে এখন দেশে ফেরার কথা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মাঝে মাঝে তাকে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলতে শোনা যায়। তার মতে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আত্মগোপনে থাকা সাবেক সরকারের অনুসারীদের উৎসাহিত করা।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করার ঘটনা এবং জনগণের অর্থ লুটের অভিযোগের বিচার সুষ্ঠু প্রক্রিয়ায় সম্পন্ন করে জনগণের অধিকার ও সম্পদের বিষয়টি নিষ্পত্তি করতে সরকার কাজ করছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ