রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে বিক্ষোভ মিছিল করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই আওয়ামী লীগ এ মিছিল করেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, জামায়াতের কারণেই আওয়ামী লীগ আবার আন্দোলন করার সাহস পাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল।
এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব আন্দোলনে জীবন দিয়েছেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি চায়।
তাঁর অভিযোগ, জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন।
এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ