Image description

ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসার কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, তিনি শরিয়ত মেনে চলেন এবং তাকে শরিয়ত পালনের সুযোগ দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফয়জুল করীম। সম্পত্তি হস্তান্তর আইনের বিষয়ে দলের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকেরা সামনে বসবেন, নাকি পেছনে বসবেন- এমন প্রশ্নের সূত্র ধরে ফয়জুল করীম ‘পর্দা’র প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি বলেন, ‘পর্দা করে আসবে, পর্দা করে আসবে...। আমি শরিয়ত মানি, আমাকে শরিয়ত মানার সুযোগ করে দিতে হবে।’

পর্দার প্রসঙ্গ ওঠার পর এক সাংবাদিক বলেন, তাদের দলের নেতারা নারীদের সঙ্গে টকশোতে অংশ নেন। জবাবে ফয়জুল করীম বলেন, ‘মহাসচিব একটা করছিল; আমরা বাধা দিয়েছি।’

নারী সাংবাদিকদের বিষয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আমার কোনো বোন যদি আসে, শরিয়তসম্মতভাবে আসবে। আমরা সেটাকে বাধা দিচ্ছি না। আমার কোনো বোন যদি শরিয়তসম্মতভাবে সাংবাদিকতা করেন, আমরা বাধা দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমি শরিয়ত মানি, আমাকে শরিয়ত মানার সুযোগ দেন। আপনি মানবেন না, সেটা আপনার ব্যাপার। আমি শরিয়ত মানি, আমাকে অবশ্যই আপনাকে শরিয়ত মানার সুযোগ করে দিতে হবে।’

ফয়জুল করীম বলেন, একজন ব্যক্তি শরিয়ত মানেন কি না, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে কেউ শরিয়ত মেনে চলতে চাইলে তাকে বাধা দেওয়া উচিত নয়। প্রত্যেক মুসলমানেরই অন্য মুসলমানকে শরিয়ত পালনের সুযোগ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

লং মার্চ নিয়ে সমালোচনা
গত শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬ দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের লং মার্চের সমালোচনা করেন ফয়জুল করীম। তিনি এটিকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘বিরোধী দল কী করে, আর কী বলে, এটার মধ্যে বিতর্ক। লং মার্চ করছে সরকারের বিরুদ্ধে, আবার বলছে, সরকারের প্রতি আন্তরিক।’

সরকারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন কেন কর্মসূচি দিচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন দিচ্ছি না? কারণ আমরা সরকারকে আরও সময় দেব। কিন্তু বিরোধী দল সেই সময় দিতে পারেনি। তাদের লং মার্চের সার্থকতা বিলীন হয়ে গেছে।’

সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি
‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬’ আরও পর্যালোচনার দাবি জানান ফয়জুল করীম। তিনি বলেন, এ দাবিতে শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন।

ফয়জুল করীম বলেন, ‘সরকারের সদিচ্ছার প্রতি সুধারণা রাখছি। সম্ভবত গভীরভাবে না ভেবেই আইনটি আনা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।