দেশের কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না। ’
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ১২৭টি মাজার ধ্বংস ও বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
একজন মুসলমান আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন বলেও তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংসের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, হজরত মুহাম্মদ (সা.) মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি বলেন, রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, নীতি ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। মদিনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং হিলফুল ফুজুল গঠনের উদাহরণ তুলে ধরে তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।
এ সময় পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ